আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : আফগান কর্মকর্তা মুহাম্মাদ আনওয়ার সাখরাহ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন : রাস্তার পাশে পাতা মাইনসহ বিভিন্ন বিস্ফোরক দ্রব্যের একটি চালান হেরাত প্রদেশের শিন্ডান্ড জেলার একটি গ্রামের মসজিদের মেহরাব হতে উদ্ধার করা হয়েছে।
সাখরাহ আরো জানিয়েছেন যে, উদ্ধৃারকৃত কয়েক’শ কিলোগ্রাম বিস্ফোরক দ্রব্যের সাথে সাথে ঐ স্থান হতে ১৪টি মাইন ফিউজ বক্স, ৩টি মাইন রিমোর্ট, ৮টি আরপিজি ও দু’টি হাভান মাইনও উদ্ধার করা হয়েছে।
মুহাম্মাদ আনওয়ার সাখরাহ আরো জানিয়েছেন, সামরিক বাহিনীকে ধোকা দেওয়ার জন্য তালেবান আযিয আবাদ অঞ্চলের গোলুখান গ্রামের ঐ মসজিদে বিস্ফোরক দ্রব্য লুকিয়ে রেখেছিল। বিভিন্ন সন্ত্রাসী হামলায় ব্যবহারের জন্য এ সকল বিস্ফোরক দ্রব্য আনা হয়েছিল বলে তিনি মন্তব্য করেন।
গোপন সংবাদের ভিত্তিতে আফগান নিরাপত্তা বাহিনী হেরাত প্রদেশের ঐ গ্রামের মসজিদে প্রবেশ করে চালানটি উদ্ধারে সক্ষম হয়। মসজিদ হতে বিস্ফোরক দ্রব্য উদ্ধারের ঘটনা হেরাত শহরের জনগণকে উদ্বিগ্ন করে তুলেছে। কেননা তালেবান বর্তমানে নিজেদের সামরিক কর্মসূচী বাস্তবায়নের জন্য ইবাদতের স্থানসমূহকেও ব্যবহার করা শুরু করেছে। আফগানিস্তানের পশ্চিম অঞ্চলে এই প্রথমবার কোন মসজিদের মেহরাবে অস্ত্রের চালান লুকিয়ে রাখার ঘটনা ঘটলো।
উল্লেখ্য, আফগানিস্তানের হেরাত প্রদেশের শিন্ডান্ড জেলায় বর্তমানে তালেবানসহ বিভিন্ন সশস্ত্র দলের তত্পরতা রয়েছে।